ঈদকে সামনে রেখে ঢাকা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন।
সোমবার (২৫ মে) ধামরাই থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যানজটপ্রবণ এলাকা, গরুর ট্রাক প্রবেশের রুট এবং পশুর হাটগুলোতে বাড়তি জনবল নিয়োগ করা হয়েছে, যাতে জনগণের ভোগান্তি কমানো যায়।
তিনি আরো বলেন, গার্মেন্টস সংশ্লিষ্ট এলাকায় শিল্প পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে ঢাকা জেলা পুলিশ।
মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরে এসপি শামীমা পারভীন বলেন, পুলিশও একই অবস্থানে রয়েছে। প্রতিদিনই মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও জানান তিনি।
সম্প্রতি সাভার এলাকাতে মাদকবিরোধী অভিযানে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোথাও মাদকসেবন বা মাদক ব্যবসার তথ্য পেলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। তবে শিক্ষা প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষকেও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে কমিউনিটিভিত্তিক সচেতনতা ও তথ্য সহায়তার ওপর গুরুত্বারোপ করে ঢাকা জেলা পুলিশ সুপার বলেন, জনগণ তথ্য দিলে মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে আরো কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
এ সময় জেলা পুলিশ ও ধামরাই থানা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।