‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না আসিফ মাহমুদ, বাণিজ্য চুক্তি নিয়েও অস্বীকৃতি

0
2
‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না আসিফ মাহমুদ, বাণিজ্য চুক্তি নিয়েও অস্বীকৃতি

অন্তর্বর্তী সরকার পরিচালনায় ‘কিচেন কেবিনেট’ সক্রিয় ছিল বলে সাবেক উপদেষ্টা এম তৌহিদ হোসেনের বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এই ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এর আগে যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রতি মঙ্গলবার যমুনায় ‘কিচেন কেবিনেটের’ বৈঠক হতো। এরপর থেকেই কারা এই কেবিনেটের সদস্য ছিলেন, তা নিয়ে নানা আলোচনা শুরু হয়। অনেকের অভিযোগের তীর ছিল ছাত্রনেতা থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদের দিকে।

তবে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, তিনি ওই কিচেন কেবিনেটের অংশ ছিলেন না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির বিষয়েও নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেন তিনি।

তার দাবি, এ বিষয়ে এনসিপির সঙ্গেও কোনো আলোচনা হয়নি। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

আসিফ মাহমুদ আরও বলেন, “এই চুক্তি তারেক রহমান করিয়েছেন।” পাশাপাশি তিনি বলেন, চুক্তির কোনো ধারা সংশোধন কিংবা বাতিল করতে চাইলে বিএনপি তা করতে পারে। কারণ, বিশ্বের অনেক দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাতিল করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here