ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় জানাজার প্রস্তুতি শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে এ অনুষ্ঠান কবে হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শনিবার (৩০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, জানাজার আয়োজনের প্রস্তুতির জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট সংস্থা ইতোমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দফায় খামেনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে ছিলেন। হামলায় তার ছেলে ও সম্ভাব্য উত্তরসূরি মুজতাবা খামেনি আহত হন বলেও জানানো হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে প্রকাশ্যে খুব কমই দেখা গেছে।
যুদ্ধ পরিস্থিতির কারণে আগেও জানাজা আয়োজন একাধিকবার পিছিয়েছে। এপ্রিল মাসে তার স্মরণে একটি অনুষ্ঠান হলেও পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়নি।
রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানিয়েছে, বড় পরিসরের এই আয়োজনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে, যাতে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর একটি ‘জাঁকজমকপূর্ণ’ রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন করা যায় এবং এতে বিপুল মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়।
এদিকে এপ্রিল থেকে কার্যকর যুদ্ধবিরতি তুলনামূলকভাবে বজায় থাকলেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কোনো স্থায়ী সমাধান এখনো হয়নি।