সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই এক চাঞ্চল্যকর খবর। কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই বিয়ের কোনো ছবি—তবুও নানা ইঙ্গিত ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। জনপ্রিয় ভারতীয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইনগেট কি তবে গোপনেই জীবনের নতুন অধ্যায় শুরু করে ফেলেছেন?
ভারতীয় কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ১৬ জুলাই লন্ডনে ঘরোয়া আয়োজনে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেছেন জেনিফার। তবে এই খবরের সত্যতা নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী কিংবা তার সঙ্গী। তাদের নীরবতাই যেন বাড়িয়ে দিয়েছে রহস্যের মাত্রা।
বিয়ের গুঞ্জনে নতুন করে যোগ হয়েছে জেনিফারের কাস্টম-মেড বিয়ের গাউন তৈরির নেপথ্যের একটি ভিডিও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে গাউন নির্বাচন, ট্রায়াল এবং বিয়ের সাজে নিজের লুক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে অভিনেত্রীকে। পাশাপাশি একটি ফ্যান পেজে গাউনের নকশা থেকে শুরু করে শেষ ফিটিং পর্যন্ত বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। এসব বিষয় ঘিরেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সতর্ক জেনিফার উইনগেট। করণ সিং গ্রোভারের সঙ্গে বিচ্ছেদের পর নিজের সম্পর্কের বিষয়েও খুব একটা প্রকাশ্যে কথা বলেননি তিনি। ক্যারিয়ার ও ব্যক্তিজীবন—দুই ক্ষেত্রেই নিজের গোপনীয়তা বজায় রেখেছেন এই অভিনেত্রী।
জেনিফার উইনগেট ও উইলিয়াম ইসমাইল
তাই হঠাৎ লন্ডনে বিয়ের খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। কেউ কেউ মনে করছেন, জেনিফার হয়তো ইচ্ছে করেই ব্যক্তিগত মুহূর্তকে আড়ালে রাখতে চেয়েছেন। আবার অনেকে অপেক্ষা করছেন অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার।
তবে সব প্রশ্নের উত্তর মিলবে কেবল জেনিফার উইনগেট বা উইলিয়াম ইসমাইল মুখ খুললেই। আপাতত তাদের নীরবতাকে ঘিরেই রহস্য আরও ঘনীভূত হচ্ছে।