নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের টিস্যু কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ঢাকা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ডেমরা, কাঁচপুর, গজারিয়া এবং বন্দর কোম্পানিসহ মোট ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে কারখানার টিস্যু উৎপাদন ইউনিটের কয়েকশ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক সালাউদ্দিন জানিয়েছেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসও আগুন নেভানোর কাজে যুক্ত রয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগুনের তীব্রতা এবং ধোঁয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

