শেরপুরে নিখোঁজের পরদিন ধানক্ষেতে মিলল অটোচালকের মরদেহ

সোমবার (২১ এপ্রিল) সকালে শহরের তাতালপুর-কান্দিপাড়া বিএম রোডের পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

0
76
ফাইল ছবি

শেরপুরে রাস্তার পাশে একটি ধানক্ষেত থেকে এক অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুল লতিফ (৪৫), সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অটোরিকশার চালক আব্দুল লতিফ প্রতিদিনেরমতো গতকাল রোববার সকালে তার গাড়ী নিয়ে যাত্রী পরিবহনের জন্য বের হন। তবে রাত পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। আজ সকালে শহরের তাতালপুর-কান্দিপাড়া বিএম রোডের পাশে একটি ধানখেতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে আব্দুল লতিফের ছেলে মনিরুজ্জামানসহ স্বজনেরা গিয়ে তার পরিচয় শনাক্ত করেন।

জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে। ঘটনার সাথে যে বা যারাই জড়িত হোক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here