নেত্রকোনায় এসএসসি পরীক্ষার্থীদের ওপর হামলা

রোববার (২৭ এপ্রিল) সকাল ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার বৈরাটি ইউনিয়নের চল্লিশা গ্রামে এ ঘটনা ঘটে।

0
107
ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহত শিক্ষার্থীরা হলেন- কাজল মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া (১৭), রিয়াজ উদ্দিনের ছেলে সাজু মিয়া (১৭) সাইফুল ইসলামের ছেলে শাহিন মিয়া (১৬)। তারা সবাই কাজলা গ্রামের বাসিন্দা। তারা শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চল্লিশা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. আব্দুস সোবাহান (৬৫) ও তার দুই ছেলে জুয়েল মিয়া (২৫) ও জুবায়ের হোসেন (১৭) রাস্তার ওপর ধানের আটি ফেলে চলাচলে বাধা সৃষ্টি করেন। পরীক্ষার্থীরা রাস্তা পরিষ্কার করে দিতে অনুরোধ করলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুস সোবাহান ও তার ছেলেরা ধান কাটার ধারালো কাঁচি দিয়ে হৃদয়, সাজু ও শাহিনকে আঘাত করেন।

আহত অবস্থায় পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছান। কেন্দ্র কর্তৃপক্ষ তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা কবির।

তিনি বলেন, ‘এ ঘটনার গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আহত পরীক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব উপজেলা প্রশাসন নিয়েছে।’

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. রহুল আমিন বলেন, ঘটনার খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here