কুয়েতের কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আনাস

0
202

বাংলাদেশি হাফেজ আনাস মাহফুজ কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার ‘সিগারুল হুফফাজ’ (৮-১২ বছর) বিভাগে প্রথম স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন।

প্রতিযোগিতাটি আয়োজিত হয়েছিল কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে। এ বছর এটি ছিল ১৩তম আয়োজন, যা ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত কুয়েতের ক্রাউন প্লাজায় অনুষ্ঠিত হয়।

আনাস মাহফুজ ঢাকার মারকাজুল ফয়জুল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী। এর আগে তিনি ২০২৩ সালে পিএইচপি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন।

প্রতিযোগিতায় বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীরা অংশ নেয়। বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী আরেক প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরীম ‘কিবারুল হুফফাজ’ (অনূর্ধ্ব-১৯) বিভাগে এবং কারি আবু জর গিফারি কিরাত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন।

গোপালগঞ্জ সদরের উলপুর গ্রামের সন্তান আনাসের পরিবার ধর্মীয় শিক্ষায় অনন্য। তার বাবা মাওলানা মাহফুজ মুত্তালিব কাতারের সরকারি ইমাম এবং মা শাহনাজ পারভিন একজন হাফেজা ও মাদরাসার শিক্ষিকা। আনাসের হিফজের হাতেখড়ি হয়েছিল মায়ের কাছেই। তার দাদা মাওলানা আবদুল মুত্তালিব (রহ.) একজন বিশিষ্ট আলেম এবং নানা মাওলানা ইয়াকুবও একজন খ্যাতিমান আলেম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here