পাকিস্তানি অভিনেত্রী হানিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বাদশা

হানিয়া তার জীবন নিয়ে সুখী, আমিও আমারটা নিয়ে। কিন্তু মানুষ এসব বিষয় ভুলভাবে ব্যাখ্যা করে।

0
268

ভারতীয় জনপ্রিয় র‌্যাপার বাদশা এবং পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সম্পর্ক নিয়ে সম্প্রতি চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে। দুবাইয়ে অনুষ্ঠিত বাদশার কনসার্টে হানিয়াকে জড়িয়ে ধরার একটি ভিডিও এবং ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম আজতাক-কে দেওয়া এক সাক্ষাৎকারে হানিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন বাদশা। তিনি বলেন,”হানিয়া আমার খুব ভালো বন্ধু। আমাদের মাঝে দারুণ বোঝাপড়া আছে। দেখা হলে আমরা অনেক মজা করি, ব্যস এতটুকুই। হানিয়া তার জীবন নিয়ে সুখী, আমিও আমারটা নিয়ে। কিন্তু মানুষ এসব বিষয় ভুলভাবে ব্যাখ্যা করে।”

গত মে মাসে একটি রেডিও সাক্ষাৎকারে হানিয়া আমিরও এই বিষয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন,”মাঝে মাঝে মনে হয়, আমি বিয়ে করিনি বলেই এসব গুজব ছড়ায়। আমার পাশে যদি কোনো অবিবাহিত পুরুষ থাকে, তাহলেই এমন গুঞ্জন শুরু হয়।”

বাদশার প্রতি প্রশংসা করে হানিয়া বলেন,”বাদশা আমার খুব ভালো বন্ধু। ব্যক্তি হিসেবে সে অসাধারণ এবং সহজ-সরল মানুষ। বন্ধুত্ব নিয়ে প্রশ্ন করা উচিত নয়। আমরা কেন বন্ধু, এটা ব্যাখ্যার দরকার হয় না।”

উল্লেখ্য, এর আগে জেসমিন নামে এক নারীর সঙ্গে সংসার করেছিলেন বাদশা। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে—জেসমিন গ্রেস মাসিহ সিং। তবে ২০২০ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। বর্তমানে জেসমিন লন্ডনে বসবাস করছেন।

বাদশা এবং হানিয়া আমির দুজনেই তাঁদের সম্পর্ককে শুধুই বন্ধুত্ব বলে দাবি করলেও ভক্তরা তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা থামাচ্ছেন না। তবে এই দুই তারকার বক্তব্য তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা-কল্পনার ইতি টানবে কি না, তা সময়ই বলে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here