দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং আগামী বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভারতের তামিলনাড়ু উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।
শনিবার দুপুরে লঘুচাপটি সৃষ্টি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।
তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের ওপর বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া শীতের প্রবণতা আপাতত বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এর আগে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, লঘুচাপের কারণে সমুদ্রে ঢেউ বাড়তে পারে এবং তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরাঞ্চলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ১ থেকে ২টি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার (২৪ নভেম্বর) দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত থেকে ভোরের মধ্যে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

