জাল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষার্থী!

0
101

সিলেটে জাল অ্যাডমিট কার্ড নিয়ে এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ করেছিলেন এক ছাত্রী। তবে তিনি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

বৃহস্পতিবার (২৬ জুন) এইচএসসি পরীক্ষার প্রথম দিনে সিলেট সরকারি কলেজ কেন্দ্রে এমন ঘটনা ঘটে। জাল অ্যাডমিট কার্ডসহ মোছা. তাহমিনা আক্তার নামের ওই ছাত্রীকে আটক করেন পরীক্ষকরা। পরে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। তিনি মদন মোহন কলেজের শিক্ষার্থী বলে দাবি করেছেন।

সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন জানান, বৃহস্পতিবার (২৬ জুন) সকালে পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় কেন্দ্র কর্তৃপক্ষের চোখে পড়ে- দুটি অ্যাডমিট কার্ডে একই রোল নম্বর ও তথ্য রয়েছে। দুজনই নিজেদের মদন মোহন কলেজের শিক্ষার্থী বলে পরিচয় দেন।

যাচাই-বাছাই শেষে প্রকৃত পরীক্ষার্থী ফয়জিয়া আক্তারকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়, আর ভুয়া অ্যাডমিট কার্ডসহ ধরা পড়া তাহমিনাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এসময় তাহমিনা জানান, নির্ধারিত সময়ের মধ্যে ফি দিতে না পারায় তার ভাই এক দালালের মাধ্যমে টাকা জমা দেন এবং সেখান থেকেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করেন। পরে কেন্দ্রে এসে বুঝতে পারেন, সেটি ছিল জাল।

তাহমিনার দাবি সেকিছুই জানে না, সবকিছু তার ভাই করেছে। তার ভাই বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন বলেন, ‘‘ছাত্রীটি যদি প্রতারণার শিকার হয়ে থাকে, তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে মানবিক বিবেচনায় তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here