আইপিএলের মেগা নিলাম এবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে। জমজমাট এ আসরে হতাশা সঙ্গী হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের। নিলামে অংশ নেওয়া মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনসহ ১২ জন বাংলাদেশি ক্রিকেটারদের কেউই কোনো ফ্র্যাঞ্চাইজির নজরে আসেনি।
বিশেষ করে মুস্তাফিজুর রহমানের দল না পাওয়া নিয়ে বিস্মিত বাংলাদেশি ক্রিকেটভক্তরা। গেল মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নেওয়া মুস্তাফিজের প্রতি এবার আগ্রহ না দেখানোয় হতাশা প্রকাশ করেছেন অনেকে। দ্বিতীয়বারের মতো চেন্নাইয়ের হয়ে খেলার আশা করেছিলেন ভক্তরা।
নিলাম শেষে চেন্নাই সুপার কিংস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজসহ আগের দলের ছেড়ে দেওয়া খেলোয়াড়দের স্মরণ করে একটি বার্তা দিয়েছে। বার্তায় বলা হয়, “সাহস নিয়ে আমাদের হয়ে লড়ার জন্য ধন্যবাদ। তোমাদের প্রাণশক্তি চিরদিনই আমাদের গর্বের অংশ হয়ে থাকবে। ভবিষ্যতের লড়াইয়ের জন্য শুভকামনা। সবসময়ের জন্য।”
নিলামে দল না পাওয়ার বিষয়টি বাংলাদেশি ক্রিকেটারদের জন্য বড় ধাক্কা। বিশেষ করে মুস্তাফিজের মতো অভিজ্ঞ খেলোয়াড়ের প্রতি আগ্রহ না থাকা অনেককেই অবাক করেছে। সর্বশেষ ২০২৩ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন তিনি। তবে মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় মহেন্দ্র সিং ধোনির দল। এবার নিলামেও তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

