রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশের লুণ্ঠিত একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল রবিবার গভীর রাতে র্যাব-৫ এর একটি বিশেষ দল এ অভিযান চালায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ছাত্র আন্দোলনের সময় বোয়ালিয়া থানার একটি আগ্নেয়াস্ত্র লুণ্ঠন করা হয়েছিল। পরে সেটি টিকাপাড়ার একটি বালুর স্তূপের নিচে লুকিয়ে রাখা হয়। এমন তথ্যের ভিত্তিতে রাত প্রায় সাড়ে ১২টার দিকে র্যাবের আভিযানিক দল টিকাপাড়ায় এলাকায় অভিযান চালায়।এ সময় লোকজনের উপস্থিতিতে বালুর স্তূপ খুঁড়ে আনুমানিক দুই ফুট গভীরে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় পুলিশের ব্যবহৃত ৭.৬২ মি.মি. ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি তাজা গুলি।
এদিকে অভিযান শেষে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
উদ্ধার করা পিস্তলের বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসতাক আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি পুলিশের নিয়মিত ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তবে ঠিক কোন থানার অস্ত্র, তা নির্ধারণ করা সম্ভব হয়নি। কারণ, পিস্তলের বাটে খোদাই করা নম্বর ঘষে মুছে ফেলা হয়েছে।

