রাঙামাটির মানিকছড়ি এলাকায় পুণ্যার্থীবাহী একটি বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বর এলাকায় রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে এটি উল্টে যায়।
শুক্রবার সকালে রাঙ্গুনিয়া থেকে রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।
যাত্রীরা জানান, ৪০ জন পুণ্যার্থী একটি বাসে করে রাঙ্গুনিয়া থেকে রাঙামাটির রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে আসছিলেন। মানিকছড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া চৌধুরী জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

