দেশে আসছে নেপালের প্রেমকাহিনি

0
50

২০২৩ সালে পাঁচ শর্তে দেশের হলে উপমহাদেশে সিনেমা মুক্তির অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সে বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খানের ‘পাঠান’, এরপর ‘জওয়ান’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’সহ বেশ ক’টি সিনেমা। যার সব ক’টি ছিল ভারতীয় সিনেমা। এবার প্রথমবারের মতো দেশের হলে আসছে নেপালি সিনেমা। ১৮ জুলাই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘মিসিং’।

একটা সময় নেপালের সঙ্গে যৌথ প্রযোজনায় বাংলাদেশে সিনেমা তৈরি হয়েছে। তবে সরাসরি সেই দেশের সিনেমা বাংলাদেশে মুক্তি পায়নি। ‘মিসিং’ দিয়েই বাংলাদেশের হলে শুরু হচ্ছে নেপালি সিনেমার যাত্রা। সাফটা চুক্তির আওতায় ‘মিসিং’ বাংলাদেশে আমদানি করছে স্টার সিনেপ্লেক্স। গত মঙ্গলবার ট্রেলার প্রকাশ করে এর মুক্তির ঘোষণা দেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

‘মিসিং’র পরিবর্তে বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’। শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত সিনেমাটি প্রযোজনা করেছে স্টার সিনেপ্লেক্স। তবে কবে নাগাদ নেপালে ‘ন ডরাই’ মুক্তি পাবে তা এখনও জানা যায়নি।

‘মিসিং’ পরিচালনা করেছেন দীপেন্দ্র গাউছান। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শ্রিষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন। ২ ঘণ্টা ৪০ মিনিটের নেপালি ভাষার এই সিনেমাটি ইতিমধ্যেই লোকজ সংস্কৃতি ও ভিন্ন সম্প্রদায়ের প্রেমকাহিনি দেখিয়ে প্রশংসা কুড়িয়েছে।

সিনেমার গল্পে দেখা যাবে, বন্ধুদের সঙ্গে আড্ডার সময় রাম মিথ্যা বলে যে তার প্রেমিকা আছে। বন্ধুদের সেটা প্রমাণ করতে ডেটিং অ্যাপে প্রেমিকা খোঁজা শুরু করে। একদিন তার সঙ্গে দেখা করতে আসে সীতা। সেখানে কফির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে সীতাকে অপহরণ করে রাম। পরবর্তী সময়ে একে অপরের প্রেমে পড়ে যায় তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here