শ্রীলংকার লজ্জার রেকর্ডের দিনে জয়সুরিয়ার বিশ্বরেকর্ড

0
187

ডারবান টেস্টে শ্রীলংকা মাত্র ৪২ রানে অলআউট হয়ে গড়েছে লজ্জার রেকর্ড। তবে এই তিক্ততার মাঝে স্পিনার প্রভাথ জয়সুরিয়া তুলে এনেছেন গর্বের মুহূর্ত। টেস্টে নিজের শততম উইকেট তুলে নিয়ে বাঁহাতি স্পিনারদের মধ্যে দ্রুততম ১০০ উইকেট শিকারির রেকর্ড গড়েছেন তিনি।

ডারবান টেস্ট শুরুর আগে ১৬ ম্যাচে ৯৭ উইকেট নিয়ে মাঠে নামেন জয়সুরিয়া। প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ওপেনার টনি ডি জর্জিকে ফিরিয়ে নিজের সেঞ্চুরি উইকেট পূর্ণ করেন।

এর আগে বাঁহাতি বোলারদের মধ্যে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল ইংল্যান্ডের কলিন ব্লাইথের, যিনি ১৯ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন। তবে জয়সুরিয়া ১৭ ম্যাচেই সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন।

সবমিলিয়ে টেস্ট ক্রিকেটে জয়সুরিয়ার চেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন কেবল ইংলিশ পেসার জর্জ লোম্যান। তিনি ১৮৯৬ সালে ১৬ টেস্টে এই কীর্তি গড়েন।

জয়সুরিয়ার পাশাপাশি ১৭ টেস্টে ১০০ উইকেটের ক্লাবে আছেন চার্লস টার্নার, সিডনি বার্নস, ক্ল্যারি গ্রিমেট এবং ইয়াসির শাহ।

তবে জয়সুরিয়ার অসাধারণ অর্জনের দিন শ্রীলংকার দল ভুগছে বড় পরাজয়ের সম্ভাবনায়। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ২৩৩ রান করে ফেলেছে। ফলে তাদের লিড দাঁড়িয়েছে ৩৮২ রানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here