মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবালের চেয়ারম্যান গ্রেপ্তার

0
116

মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদিন খান।

তিনি জানান, সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম তাকে গ্রেপ্তার করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে, ২০২৪ সালের ১৭ অক্টোবর বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে এক হাজারের বেশি শিক্ষার্থীর প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটি কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও অন্যান্য উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ভর্তির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা আদায় করে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষে রুমন আলী লস্কর জানান, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বাংলাদেশ ব্যাংকের নিয়ম লঙ্ঘন করে শিক্ষার্থীদের টাকা সরাসরি সংগ্রহ করেছে, যা মানিলন্ডারিং আইনের পরিপন্থী। এ ছাড়া, ভুয়া অফার লেটার তৈরি করে তারা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছে।

আরেক ভুক্তভোগী জানান, ২০২৩ সালের ২৭ আগস্ট বাশার ও পাওনাদারদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী তিনটি কিস্তিতে পাওনা ফেরত দেওয়ার কথা ছিল—২৩ সেপ্টেম্বর, ২২ অক্টোবর ও ২৫ নভেম্বর। কিন্তু প্রথম কিস্তির সময় অর্থ পরিশোধ না করে, বরং শিক্ষার্থীদের ওপর গুণ্ডাবাহিনী দিয়ে হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। গুলশান থানার পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here