ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মহিলা আ. লীগের ৫ নেত্রী গ্রেফতার

0
274

পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ মহিলা আওয়ামী লীগের পাঁচ নেত্রীকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া নেত্রীরা হলেন- মহিলা আওয়ামী লীগের পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড নেত্রী মোছা. বাবলী বেগম (৪৩), মহিলা আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন যুথি (৩৮), মহিলা আওয়ামী লীগের ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মোছা. রিতা আক্তার (৪০), মহিলা আওয়ামী লীগের ওয়ার্ড সহ-সভাপতি নাজমা আক্তার সাথী (৩০) ও মহিলা আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোছা. খাদিজা বেগম (৩৪)।

এর আগে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পল্লবী থানার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে মিরপুর-১০ এলাকায় সরকার পতনের একদফা দাবিতে চলমান ছাত্র আন্দোলনে হামলা চালানো হয়। এ সময় আন্দোলনে অংশ নেওয়া মো. আবিদ নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। আবিদের ডান চোখে গুলি লাগায় তাকে দ্রুত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ভিকটিমের ভাই জিন্নাত সাঈদীর অভিযোগের ভিত্তিতে গত ১২ নভেম্বর পল্লবী থানায় মামলা করা হয়। তদন্তে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনে দেশীয় অস্ত্র, পিস্তলসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়।

সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় হামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর অভিযুক্ত পাঁচ নেত্রীকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তাধীন প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here