‘চলতি সপ্তাহে শেষ হতে পারে সংসদীয় সীমানা নির্ধারণের কাজ’

0
70

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, চলতি সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ। পাশাপাশি খসড়া ভোটার তালিকাও এ মাসেই প্রকাশ করা হতে পারে।

সোমবার (২১ জুলাই) রাজধানীর তেজগাঁও-এ নির্বাচন ভবনে তিনি এসব কথা বলেন।

আখতার আহমেদ বলেন, সীমানা নির্ধারণের কাজ আগামীকাল (মঙ্গলবার ২২ জুলাই) বা বুধবারের (২৩ জুলাই) মধ্যে সম্পন্ন হতে পারে। এরপর আমরা এটি কমিশনের পরবর্তী বৈঠকে উপস্থাপন করব।

তিনি বলেন, খসড়া ভোটার তালিকায় যে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হয়েছেন, তার তালিকা আমরা এ মাসে প্রকাশ করব। খসড়া তালিকা প্রকাশে আর কোনও আইনি জটিলতা নেই।

তিনি আরও বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে বলেন, গত কমিশন সভার পর একজন কমিশনার বলেছিলেন, আমরা ইভিএম আর ব্যবহার করব না। এখন এটির ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটিই ইভিএম বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, পিবিআই আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছে। তার ভিত্তিতে আমরা মাঠপর্যায় থেকে কিছু তথ্য সংগ্রহ করছি। তারা গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা ব্যক্তিদের তালিকা চেয়েছে। যারা তখন দায়িত্বে ছিলেন, তারাই জানেন তারা কে কোথায় দায়িত্ব পালন করেছেন। ইসি থেকে কেবল সেই তালিকাটি সরবরাহ করা হবে।

এই ইসি কর্মকর্তা বলেন, ৭৯টি আসন থেকে ৬০০ আবেদন জমা পড়েছে। সেগুলোর যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর কারও দাবি বা আপত্তি থাকলে, তা শুনানি শেষে নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here