পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তবে প্রথমে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ২৯ রানে ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে সাত বলে ৩ রান করে বিদায় নেন তানজিদ হাসান তামিমকে বিশ্রাম দিয়ে একাদশে নেওয়া মোহাম্মদ নাঈম। ফাহিম আশরাফের করা বলটিকে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে মারতে চেয়েছিলেন নাঈম। টাইমিং গড়বড় করে উইকেটকিপারকেই ক্যাচ দিয়েছেন ৭ বলে ৩ রান করা নাঈম।
আর সালমান মির্জাকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে হাসান নেওয়াজের ক্যাচ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ৯ বলে ১ চারে ৮ রান করে বিদায় নিলেন লিটন।
এরপর মিড অফে বল ঠেলেই একটি রান চুরি করতে চেয়েছিলেন তাওহিদ হৃদয়। পাকিস্তান অধিনায়ক আঘা সালমানের সরাসরি থ্রো ভেঙে দেয় ননস্ট্রাইকিং প্রান্তের উইকেট। রিপ্লে দেখে টিভি আম্পায়ার আউটের ঘোষণা দিয়েছেন।
আগের ম্যাচে ম্যাচ জেতানো ফিফটি করা ওপেনার পারভেজ হোসেন আজ ফিরলেন ১৪ বলে ১৩ রান করে। অভিষিক্ত পেসার আহমেদ দানিয়ালের বলে ফাহিম আশরাফকে ক্যাচিং প্র্যাকটিস করিয়ে আউট হলেন বাংলাদেশ ওপেনার। তার বিদায়ে ১১ বলের মধ্যে ৩ রান তুলতে ৩ উইকেট হারাল বাংলাদেশ।
আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় বিকেল ৬টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আঘা।
সিরিজের প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
এ ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। যেখানে ওপেনার তানজিদ হাসান তামিমের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ নাঈম। আর পেসার তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন শরীফুল ইসলাম।
এদিকে পাকিস্তান দলে একটি পরিবর্তন। স্পিনার আবরার আহমেদের জায়গায় দলে ঢুকেছেন পেসার আহমেদ দানিয়াল। পাকিস্তানের জার্সিতে আজই প্রথম ম্যাচ খেলবেন দানিয়াল।
বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম, পারভেজ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান দল: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।

