২০২৩-এর অক্টোবরে ড্রাগ ওভারডোজে মৃত্যু হয়েছিল মার্কিন অভিনেতা ম্যাথিউ পেরির।ফ্রেন্ডস তারকার এই মৃত্যুতে কোটি কোটি ভক্তের মাঝে নেমে আসে শোকের ছায়া। প্রশ্ন ওঠে হঠাৎ কেন এই অভিনেতার মৃত্যু।
পরে জানা যায়, সেই মাসেই তাকে কেটামাইন দিয়েছিলেন তার ডাক্তার সাল্ভাদোর প্লাসেন্সিয়া। গতকাল বুধবার লস অ্যাঞ্জেলেসের আদালতে দোষ স্বীকার করেন তিনি। এর ফলে তার ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, অভিনেতার মৃত্যুতে যুক্ত পাঁচ জনের মধ্যে তিনিই চতুর্থ অভিযুক্ত যিনি অপরাধ স্বীকার করেছেন। পঞ্চম অভিযুক্ত জসভীন সাঙ্ঘাকে কর্তৃপক্ষ মাদক পাচারকারী ‘কেটামাইন কুইন’ বলে চিহ্নিত করেছে। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
আগস্টে তার বিচার প্রক্রিয়া শুরু হবে। বিখ্যাত মার্কিন সিটকম ‘ফ্রেন্ডস’-এচ্যান্ডলার বিং-এর চরিত্রটিকে অমর করেছিলেন পেরি। ২০২৩-এর অক্টোবরে তার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে বাথ টাবে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। ময়নাতদন্তে তার শরীরে অতিরিক্ত কেটামাইনের উপস্থিতি পাওয়া যায় এবং তার ফলেই তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়।

