নতুন মামলায় ইনু-পলক-মমতাজ গ্রেপ্তার

0
56

জুলাই আন্দোলনের নতুন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ গ্রেপ্তার দেখানোর এই আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো মামলার মধ্যে আশুলিয়া থানার রাসেল গাজী হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়। আর আশুলিয়া থানার একটি হত্যা এবং একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়।

রাসেল গাজী হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো. আনোয়ার হোসেন হাসানুল হক ইনু এবং জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা মামলায় আশুলিয়া থানার এসআই মো. মজিবুর রহমান ভূইয়া ও ফরহাদ হোসেন হত্যাচেষ্টা মামলায় এসআই মদন চন্দ্র সাহা মমতাজকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমির রাখী শুনানি করেন।

ইনু ও পলকের মামলার বিবরণী থেকে জানা যায়, আন্দোলন চলাকালে আওয়ামী লীগ গত বছরের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সাড়া বাংলাদেশে গণহত্যা চালায়। ওই বছরের ৫ আগস্ট আশুলিয়া থানার গার্জীরচট মধ্যপাড়া এলাকার বেলায়েত গাজী ও সেলিনা বেগম দম্পত্তির ছেলে মো. রাসেল গাজী পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার গত বছর ৮ সেপ্টেম্বর বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করে।

মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো একটি মামলায় বলা হয় জুলাই আন্দোলনে আশুলিয়া থানাধীন এলাকায় গত বছরের ৫ আগস্ট কাপড় ব্যবসায়ী মনিরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৬ জুন নিহতের স্ত্রী সাজেদা পারভীন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন।

অপর মামলায় আন্দোলনে অংশ নিয়ে ফরহাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তিনি সিএমএইচ এ চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় গত বছরের ২৯ সেপ্টেম্বর ভুক্তভোগী নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here