ভারতের রাজস্থানের ঝালাওয়াড় জেলার একটি সরকারি স্কুল ভবনের ছাদ ধসে অন্তত চার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৭ জন, যাদের মধ্যে ৩-৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও ধ্বংসস্তূপে অনেকেই আটকে রয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ের ৮টার দিকে মনোহর থানার পিপলোদি সরকারি স্কুলে এই দুর্ঘটনাটি ঘটে।
এনডিটিভির খবরে বলা হয়, ঘটনার সময় স্কুল চত্বরে প্রায় ৪০ জন শিশু, শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। হঠাৎ করে একতলা ভবনটির ছাদ ধসে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এ নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্কুলটি অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করে।
ঝালাওয়াড় জেলার পুলিশ সুপার অমিত কুমার পিটিআইকে জানান, চার শিশুর মৃত্যু হয়েছে এবং আরও ১৭ জন আহত হয়েছে। এর মধ্যে ১০ জন শিশুকে ঝালাওয়াড় হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে তিন-চারজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের উদ্ধারে ছুটে আসেন। ধ্বংসস্তূপ সরাতে এখন পর্যন্ত চারটি জেসিবি মেশিন আনা হয়েছে।প্রয়োজনে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয় কর্তৃপক্ষ।
দুর্ঘটনার খবর পাওয়ামাত্র স্কুলের বাইরে ভিড় করেছেন অভিভাবকেরা। সবার চোখেমুখে আতঙ্ক। নিজেদের সন্তানদের খোঁজে অনেককেই এদিক-ওদিক ছোটাছুটি করতে দেখা যাচ্ছে। আহতদের মনোহর থানা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে গুরুতর আহতদের ঝালাওয়াড়ের অন্য হাসপাতালে স্থানান্তরিত করছেন জেলা কর্মকর্তারা।
শিক্ষামন্ত্রী মদন দিলওয়ার বলেছেন, আমি জেলা কর্তৃপক্ষকে আহত শিশুদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা এবং তদারকি করার নির্দেশ দিয়েছি। আমি ঘটনার তদন্তের নির্দেশ দেব এবং ভবনটি ধসের কারণ কী তা নিশ্চিত করব। আমি কালেক্টরের সঙ্গেও কথা বলেছি এবং কর্তৃপক্ষকে পরিস্থিতি পর্যালোচনা করার এবং সম্ভাব্য সকল উপায়ে সাহায্য করার নির্দেশ দিয়েছি।

