জামালপুরে ছাত্রদল নেতা ‘আজীবন’ বহিষ্কার

0
120

জামালপুরের ইসলামপুর উপজেলা ছাত্রদলের নেতা আইয়ুব আলীকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আজীবন বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েছ এবং সদস্যসচিব মো. পাপন মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রদল দক্ষিণ শাখার সিনিয়র সহসভাপতি আইয়ুব আলীকে দীর্ঘদিন ধরে মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মামলা করার পর আদালতে তাদের জামিনে সহায়তা করেছেন।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পাপন মিয়া বলেন, আইয়ুব আলী বারবার সতর্ক করার পরও সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে দলবিরোধী কর্মকাণ্ড চালিয়েছেন। এতে দলের ভাবমূর্তি নষ্ট হওয়ায় তাকে পদ থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

তবে বহিষ্কৃত নেতা আইয়ুব আলী অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। প্রতিহিংসামূলকভাবে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ইসলামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আইয়ুব আলী বাদী হয়ে একটি মামলা করেন, যেখানে ৩১ জনকে আসামি করা হয়। তবে ২১ নভেম্বর আদালতে আসামিরা জামিন চাইলে আইয়ুব আলী নিজেই তাদের জামিনে আপত্তি করেননি। আদালত শুনানি শেষে ২৪ আসামির জামিন মঞ্জুর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here