গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় উন্মুক্ত ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে টঙ্গীর শালিকচুড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানিয়েছেন, নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয় ২৮ বছর বয়সী ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ।
ফারিয়া চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় থেকে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার দিন তিনি ওষুধ সরবরাহের কাজে টঙ্গী হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন।
রোববার রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা ম্যানহোলে পড়ে যান ফারিয়া। দুর্ঘটনার পরপরই গাজীপুর ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করলেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী ইম্পেরিয়াল হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে খোলা ছিল একটি ম্যানহোল। সেখানে কোনো স্লাব বা সতর্কতামূলক সাইনবোর্ড ছিল না। হাঁটতে গিয়ে অসাবধানতাবশত ফারিয়া ম্যানহোলে পড়ে যান এবং পানির স্রোতে ভেসে যান।
স্থানীয়রা অভিযোগ করেন, এত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কের পাশে খোলা ড্রেন রেখে বিআরটি প্রকল্পের দায়িত্বপ্রাপ্তরা চরম অবহেলা ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। তাদের অবহেলাই এই প্রাণহানির জন্য দায়ী।
নিহতের ভাই শোভন জানান, “ঘটনার দিন বোনের মোবাইল বন্ধ পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। পরে সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে তার জুতা দেখে নিশ্চিত হই।”
ফায়ার সার্ভিস জানায়, যে ম্যানহোলে পড়ে যান ফারিয়া, সেই ড্রেনের পানি টঙ্গীর শালিকচুড়া বিলে গিয়ে পড়ে। সেখানে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ পাওয়া যায়।

