ঝড়ো বাতাস ও দাবদাহে ছড়িয়ে পড়ছে আগুন, পুড়ছে ইউরোপ

0
60

ইউরোপের দক্ষিণাঞ্চলে দাবদাহ ও ঝড়ো বাতাসে ছড়িয়ে পড়ছে দাবানল। বুধবার (১৩ আগস্ট) পর্যন্ত আগুনের লেলিহান শিখায় পুড়ে গেছে হাজারও ঘর। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সায়েন্স হাব জয়েন্ট রিসার্চ সেন্টার জানিয়েছে, চলতি বছর দাবানলে ইউরোজোনের প্রায় এক হাজার ৭০০ বর্গমাইল (চার লাখ ৪০ হাজার হেক্টর) এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ২০০৬ সালে একই সময়সীমার মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকার দ্বিগুণ। সর্বশেষ দাবানলের কিছু ক্ষেত্রে অগ্নিসংযোগ এবং বজ্রঝড়ের তথ্য পাওয়া যাচ্ছে, যা এখনও খতিয়ে দেখা হচ্ছে।

গ্রিসের রাজধানী অ্যাথেন্সের পশ্চিমে প্যাটরাস শহরের উপকণ্ঠের জলপাই বাগান ও বনভূমি পুড়ে গেছে। আগুন লেগেছে একটি সিমেন্ট কারখানায়। সেখানকার রেল যোগাযোগ ব্যাহত হয়েছে।

অ্যাথেন্স থেকে আগত স্বেচ্ছাসেবক জর্জোস কারভানিস পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করতে বলেন, মনে হচ্ছে পৃথিবীর শেষদিন এসে গেছে। ঈশ্বর আমাদের এবং এখানকার মানুষদের সহায় হোন।

মঙ্গলবার প্যাটরাসের কাছে প্রায় সাত হাজার ৭০০ মানুষের একটি শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বুধবার দুইটি নিকটবর্তী গ্রামে নতুন করে সতর্কবার্তা দিয়ে সেখানকার লোকজনকে সরে যেতে বলা হয়।

গ্রিসের জনপ্রিয় পর্যটন দ্বীপ চিওস এবং সেফালোনিয়াতেও আগুন ছড়িয়ে পড়ায় মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

স্পেনে গুরুতর দগ্ধ হয়ে এক স্বেচ্ছাসেবক দমকলকর্মীর মৃত্যু হয়েছে এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩৫ বছর বয়সী ওই দমকলকর্মী কাস্তিয়া ও লেওন অঞ্চলের নোগারেখাস শহরের কাছে আগুন ঠেকাতে ফায়ার ব্রেক তৈরির সময় আগুনে আটকা পড়েন। এ বছর স্পেনে দাবানলে মারা যাওয়া এ নিয়ে ছয়জনের মৃত্যু হলো। এর মধ্যে তারাগোনা ও আভিলায় দুই দমকলকর্মীও রয়েছেন। দেশটির আবহাওয়া সংস্থা এইএমইটি জানিয়েছে, প্রায় পুরো দেশই দাবানলের অতি উচ্চ বা উচ্চ ঝুঁকিতে রয়েছে।

এদিকে, দেশটির পরিবেশমন্ত্রী সারা আগেসেন বলেছেন, দেশজুড়ে ছড়িয়ে পড়া আগুনের অনেকগুলোই ইচ্ছাকৃতভাবে সৃষ্ট বলে ধারণা করা হচ্ছে।

মাদ্রিদের উত্তরের আভিলা এলাকায় দুই সপ্তাহ আগের অগ্নিকাণ্ডে এক পুরুষ দমকলকর্মীকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া গালিসিয়ার মুক্সিয়া এলাকায় গত আগস্টে আগুন লাগানোর অভিযোগে ৬৩ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

দক্ষিণ উপকূলীয় কাদিস এলাকায় একটি সমুদ্রসৈকত উন্নয়ন প্রকল্পে আগুন ধরানোর পর হাত পুড়ে যাওয়া এক সন্দেহভাজনকেও চিহ্নিত করেছে পুলিশ। অন্যদিকে বজ্রপাতের কারণেও বেশ কয়েকটি অগ্নিকাণ্ড হয়েছে।

আলবেনিয়ায় প্রতিরক্ষামন্ত্রী পিরো ভেঙ্গু বলেন, দেশজুড়ে বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১০ হাজার দমকলকর্মী, সেনা ও পুলিশ মিলে মোট ২৪টি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে। এর মধ্যে মধ্যাঞ্চলের দুটি গ্রামে আগুন পৌঁছে যাওয়ায় মানুষজন গবাদিপশু নিয়ে গ্রাম ছাড়তে বাধ্য হয়।

ইউরোপীয় বন গবেষণা প্রতিষ্ঠানের অগ্নি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ আলেকজান্ডার হেল্ড বলেন, প্রাকৃতিক পরিবেশে কাজ করতে অনভ্যস্ত দমকলকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন।

গ্রিনপিসের হিসাবে, প্রতিবছর বন ব্যবস্থাপনায় ১২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে ৯৯ লাখ হেক্টর (পর্তুগালের সমান এলাকা) দাবানল থেকে রক্ষা করা সম্ভব। পুরো ব্যবস্থাপনা ঠিকমতো কার্যকর করতে পারলে ব্যাপক অর্থসাশ্রয় হবে, কেননা আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি মেরামতে এই অর্থের প্রায় ৯৯ গুণ বেশি খরচ হয়।

এদিকে, স্পেনে টানা ১০ দিন ধরে তাপপ্রবাহ চলছে, যা মঙ্গলবার ৪৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠে। আবহাওয়া দফতর জানিয়েছে, দাবদাহ সোমবার পর্যন্ত স্থায়ী হতে পারে, যা দেশটির ইতিহাসে দীর্ঘতমগুলোর একটি হবে।

অন্যদিকে, ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার ১৬টি শহরে তীব্র গরমের সতর্কতা জারি করেছে। ফ্লোরেন্সে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। গরম থেকে বাঁচতে পোপ লিও বুধবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারের পরিবর্তে অভ্যন্তরীণ স্থানে তার সাপ্তাহিক ভাষণ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here