দাঙ্গা মামলায় পিটিআইয়ের ৫৯ নেতাকে ১০ বছরের কারাদণ্ড

0
47

পাকিস্তানে ২০২৩ সালের ৯ মে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ৫৯ নেতাকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। পাশাপাশি ৩৪ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে। সোমবার ফয়সালাবাদের সন্ত্রাসবিরোধী আদালত এই রায় ঘোষণা করে। খবর দ্য ডনের।

মামলাটি করা হয়েছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর বাড়িতে হামলার অভিযোগে। রায়ের আওতায় সাজাপ্রাপ্তদের মধ্যে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ওমর আইয়ুব, শিবলি ফারাজ এবং জারতাজ গুল রয়েছেন।

২০২৩ সালের ৯ মে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের প্রতিবাদে পিটিআই কর্মীরা সামরিক স্থাপনা ও সরকারি ভবনে ব্যাপক ভাঙচুর চালায়। পরে সেই ঘটনায় দেশজুড়ে সহিংসতার অভিযোগে পিটিআইয়ের শীর্ষ নেতৃবৃন্দসহ হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

সামনাবাদ থানায় দায়ের করা মামলায় মোট ১০৯ জন আসামির মধ্যে ৭৫ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে শেখ রশিদ জাভেদসহ আরও কয়েকজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে মামলাটি থেকে খালাস পেয়েছেন পিটিআই ছেড়ে যাওয়া সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এবং এমএনএ জয়েন কুরেশি। রায়ের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) জারতাজ গুল নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

এর আগে, চলতি মাসের শুরুতে লাহোরের আরেকটি আদালত পিটিআই নেতা ড. ইয়াসমিন রশিদ, সিনেটর ইজাজ চৌধুরী, মিয়ান মাহমুদ উর রশিদ এবং পাঞ্জাবের সাবেক গভর্নর ওমর সরফরাজ চিমা-সহ আরও অনেককে ১০ বছর করে কারাদণ্ড দেন। গত সপ্তাহেই ইমরান খানের ভাগনে শেরশাহ ও শাহরেজ-কে ৯ মে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here