নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে: আমীর খসরু

0
43

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বরিশাল বিভাগীয় ব্যবসায়ী ফোরামের উদ্যোগে মেলার স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আমীর খসরু বলেন,‘নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। এতে বাংলাদেশের মানুষ প্রতিনিধি নির্বাচনের সঙ্গে সঙ্গে সরকার নির্বাচিত করবেন। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। জবাবদিহিতা থাকবে।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছি। নির্বাচিত সরকারের জন্যই ব্যবসায়ীদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান করা হচ্ছে। যাতে জনগণ আমাদের সমর্থন দেয়, সেই প্রস্তুতি আগে ভাগেই গ্রহণ করা হচ্ছে। যাতে প্রথম দিন থেকে দেশের মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি।’

শিল্পপণ্য উৎপাদনের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘একটি গ্রামে একটি পণ্য তৈরি হবে। যে পণ্য ওই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করবে। এতে ওই গ্রাম অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। এ জন্য কীভাবে ব্যবসায়ীদের সমস্যা ও চাহিদা কীভাবে পূরণ করা যায়, আগামী দিনগুলোতে তা বোঝার চেষ্টা করছি। এ অঞ্চলে সহায়তা দিলে চাহিদা এবং উৎপাদন বহুগুণ বেড়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিটি বিভাগে আমরা যাচ্ছি। অর্থনীতি আগে কিছু সীমিত লোকের হাতে ছিল, কিছু গোষ্ঠীর হাতে ছিল। আমরা অর্থনীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। কুটির শিল্পসহ যারা বিভিন্ন অঞ্চলে হাতে বিভিন্ন পণ্য তৈরি করছে, সেই পণ্যগুলোকে আমাদের মূল্যায়ন করতে হবে। এগুলো মূল্যায়ন করে টেকনিক্যাল সহযোগিতা দিতে হবে, আর্থিক সহযোগিতা করতে হবে। এদের ব্র্যান্ডিং করতে হবে, ব্র্যান্ডিং করে দেশে-বিদেশে আন্তর্জাতিক বাজারে প্লাটফর্ম করে দিতে হবে।’

আমীর খসরু বলেন, ‘আমরা চাই অর্থনীতিতে এদের অংশগ্রহণ অনেক বেশি হতে হবে এবং এই লোকগুলোর জীবনযাত্রার মানের উন্নয়ন হতে হবে। এরাই যেন আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। আমাদের যে সব হস্তশিল্প ধ্বংস হয়ে যাচ্ছে তার পুনরুদ্ধার করার প্রক্রিয়ার মধ্যে আছি। সঙ্গে সমস্ত বাংলাদেশের মানুষ বাড়িতে তার পণ্য তৈরি করে জীবনযাপন করতে পারে এবং দেশের অর্থনীতিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত হয়। আমরা এদের অর্থনীতির মূলস্রোত ঢোকাতে চাই, ফলে এর মাধ্যমে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।’

এর আগে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরে ১২টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও জিয়া উদ্দিন হায়দারসহ ব্যবসায়ী নেতারা। বিকেলে বিভাগের ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় করেন প্রধান অতিথি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here