সুন্দরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৪৪ ধারা জারি

0
43

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির দুপক্ষের পরস্পর বিরোধী অবস্থানের কারণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস ১৪৪ ধারা জারি করেন।

জারিকৃত আদেশে বলা হয়, সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌরসভা ও তার আশপাশের এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র বহন ও প্রদর্শন, যেকোনো ধরনের মাইকিং বা শব্দ যন্ত্র ব্যবহার, পাঁচ বা তার অধিক সংখ্যক ব্যক্তির একত্র চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

এ বিষয়ে বিএনপি নেতা ও হরিপুর ইউপি চেয়ারম্যান মোজহারুল ইসলাম, বামনডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান নজমুল হুদা, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ইফখার হোসেন পপেল, এম এ মালেক বলেন, আমরা আইনকে শ্রদ্ধা করি। তাই ১৪৪ ধারায় জারি করা নিষেধাজ্ঞা মেনে চলছি। তবে, বিকালে জারিকৃত ১৪৪ ধারার আওতার বাইরে সমাবেশ করার প্রস্তুতি সম্পন্ন করেছি।

অপর পক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকের ব্যবহৃত মোবাইলফোনে কল করে পাওয়া যায়নি।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, ১৪৪ ধারা জারি আছে। থানা পুলিশ ও সেনাবাহিনীর টহল অব্যাহত আছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।