সিরিয়াকে ১.৬৫ মিলিয়ন ব্যারেল তেল দেবে সৌদি আরব

0
49

সিরিয়ার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনীতিকে সহায়তা করতে ১ দশমিক ৬৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেশটির বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে দামেস্ককে এ তেল দেওয়া হবে। এ নিয়ে সিরিয়ার জ্বালানিমন্ত্রী মোহাম্মদ আল-বশির এবং সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের (এসএফডি) প্রধান নির্বাহী সুলতান আল-মারশাদ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।

এসপিএ জানিয়েছে, সৌদির দেওয়া এই তেল সিরিয়ার তেল শোধনাগারের কার্যকারিতা বাড়াবে এবং আর্থিক সক্ষমতা জোরদার করবে। এর মূল লক্ষ্য অর্থনৈতিক উন্নয়নকে সমর্থন করা, সংকট মোকাবিলা করা, গুরুত্বপূর্ণ খাতগুলোকে এগিয়ে নেওয়া এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়তা করা।

উল্লেখ্য, গত বছরের ৮ ডিসেম্বর সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদকে উৎখাত করে আহমেদ আল শারার নেতৃত্বাধীন ইসলামিক দল ক্ষমতা নেয়। এরপর শারার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। আসাদের শাসনামলে আরব দেশগুলোর সঙ্গে সিরিয়ার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয় এবং পশ্চিমা নিষেধাজ্ঞায় দেশটি বিপর্যস্ত হয়ে পড়ে।

আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নিতে শুরু করে। একই সময়ে আরব দেশগুলো সরাসরি সহায়তা নিয়ে এগিয়ে আসে। বিশেষ করে সৌদি আরব এখন অর্থনৈতিকভাবে সিরিয়াকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখছে।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি