সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ সুহাদা ওসমান। রবিবার সেনা সদরে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সামরিক খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
আইএসপিআর-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে রাষ্ট্রদূত রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে মালয়েশিয়ায়ও প্রায় দুই লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে এবং এ সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি।
এ ছাড়া তারা আগামী ২৩-২৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাবাহিনী প্রধানদের সম্মেলন ২০২৫ বিষয়ে মতবিনিময় করেন। এই সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা, সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারত্বের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

