ডেঙ্গু ঠেকাতে ব্রাজিলের নতুন উদ্যোগ, সুরক্ষা পাবেন ১৪ কোটি মানুষ

0
54

ডেঙ্গু মোকাবিলায় অভিনব উদ্যোগ নিয়েছে ব্রাজিল। দেশটিতে বিশ্বের বৃহত্তম বায়োফ্যাক্টরি স্থাপন করা হয়েছে, যেখানে বিশেষভাবে প্রস্তুত মশা উৎপাদন করা হবে। এসব মশার শরীরে থাকবে ওলবাচিয়া ব্যাকটেরিয়া, যা ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের ভাইরাস ছড়াতে বাধা দেবে।

গত ১৯ জুলাই কুরিতিবা শহরে চালু হওয়া এই কারখানার নাম ওলবিটো দো ব্রাজিল। এতে অর্থায়ন করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্ব মশা কর্মসূচি, ওসওয়ালদো ক্রুজ ফাউন্ডেশন এবং পারানার ইনস্টিটিউট অব মলিকুলার বায়োলজির যৌথ উদ্যোগে এটি নির্মিত হয়।

কারখানায় প্রতি সপ্তাহে প্রায় ১০ কোটি মশার ডিম উৎপাদন করা যাবে। কর্তৃপক্ষের দাবি, এ উদ্যোগের মাধ্যমে আগামী কয়েক বছরে প্রায় ১৪ কোটি মানুষকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা লুসিয়ানো মোরেইরা জানান, ওলবিটো দো ব্রাজিল প্রতি ছয় মাসে প্রায় ৭০ লাখ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর কোটি কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় এবং অনেক ক্ষেত্রেই তা প্রাণঘাতী হয়। শুধু ব্রাজিলেই গত বছর রেকর্ড সংখ্যক ৬ হাজার ২৯৭ জন ডেঙ্গুতে মারা গেছেন।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এই পদ্ধতির মাধ্যমে দেশটির আটটি শহরে ৫০ লাখের বেশি মানুষ সুরক্ষা পেয়েছেন।

প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক অ্যান্তোনিও ব্রানদাও জানান, ওলবাচিয়া কেবল কীটপতঙ্গের শরীরেই টিকে থাকতে পারে, মানুষের শরীরে এর কোনো প্রভাব নেই। তিনি আরও বলেন, প্রকৃতিতে ৬০ শতাংশের বেশি কীটপতঙ্গের শরীরেই ওলবাচিয়া স্বাভাবিকভাবে বিদ্যমান।

প্রাথমিকভাবে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই মশা ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন আঞ্চলিক সমন্বয়কারী টামিলা ক্লেইন।

তথ্যসূত্র: রয়টার্স