ভারী বৃষ্টিতে কলকাতায় বন্যা, প্রাণ গেল ৮ জনের

0
126

কলকাতায় রাতভর ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। শহরের বহু সড়ক পানিতে তলিয়ে গেছে। বৃষ্টি ও বন্যা-সম্পর্কিত ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। নিহতদের মধ্যে অধিকাংশই শহরের মধ্য ও দক্ষিণাঞ্চলের বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়াহাট ও ইকবালপুর এলাকার বাসিন্দা।

আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গ জুড়ে জারি করা হয়েছে লাল সতর্কতা। কয়েক ঘণ্টার মধ্যে কলকাতার বিভিন্ন এলাকায় রেকর্ড হয়েছে অতিবৃষ্টি—গড়িয়া কামদাহারিতে ৩৩২ মিলিমিটার, জোধপুর পার্কে ২৮৫ মিলিমিটার, কালীঘাটে ২৮০ মিলিমিটার, তোপসিয়ায় ২৭৫ মিলিমিটার এবং বালিগঞ্জে ২৬৪ মিলিমিটার।

জলাবদ্ধতার কারণে শহরে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। রেল ও মেট্রো সেবা ব্যাহত হচ্ছে। নিচু এলাকার অনেক ঘরে পানি ঢুকে পড়েছে। কয়েকটি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফ্লাইট চলাচলেও বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো।

আবহাওয়া দপ্তরের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে এ বৃষ্টি হচ্ছে এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।