রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবিতে একজন মারা গেছেন এবং আরও দুজন নিখোঁজ রয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৬০), যার বাড়ি পার্শ্ববর্তী কাঁঠালবাড়িয়া গ্রামে। নিখোঁজ দুজন হলেন দিলীপ (৩২) এবং হরেন সাহা (৬৫)। তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রেমতলী এলাকার কানাই কর্মকার নামের এক বৃদ্ধ মারা গেলে তার মরদেহ সৎকারের জন্য পদ্মা নদীর মাঝচরে নিয়ে যাওয়া হয়। মরদেহ রেখে নৌকাটি আত্মীয়-স্বজনকে আনতে ঘাটে ফিরে আসে। এরপর ২০-২৫ জন আত্মীয় ওই নৌকায় করে নদীর মাঝচরে যাওয়ার সময় স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।
এ ঘটনায় বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠে আসতে পারলেও তিনজন নিখোঁজ হন। পরে স্থানীয়রা জিতেন মণ্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

