মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা ও অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার অবস্থান কর্মসূচিতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
রোববার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট-এর অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারী সংগঠনগুলো।
জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন, “৫০০ টাকা বাড়ি ভাতা বৃদ্ধি আমরা প্রত্যাখ্যান করেছি। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের অন্তত ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া চান। পাশাপাশি চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা করা এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশে উন্নীত করার দাবিও জানানো হয়েছে।”
তিনি আরও বলেন, “দাবি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার অবস্থান চলবে।”
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা ৫০০ টাকা বাড়ায়, যা তারা ৫ অক্টোবর প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন। এরপর ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় বাড়ি ভাতা ২ থেকে ৩ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায়।
বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ১,৫০০ টাকা বাড়ি ভাতা পান। এছাড়া বছরে দুইটি উৎসব ভাতা (মূল বেতনের ৫০ শতাংশ হারে) ও একটি বৈশাখী ভাতা (মূল বেতনের ২০ শতাংশ হারে) পান তারা।

