রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ডাকা কর্মী সমাবেশ ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি একপর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নিলে সমাবেশটি পণ্ড হয়ে যায়।
শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে।
জানা যায়, সংঘর্ষের সময় সমাবেশস্থলে সাউন্ড গ্রেনেডের শব্দ পাওয়া যায়। এমন পরিস্থিতিতে দলের চেয়ারম্যান জিএম কাদেরকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ, দলীয় প্রতীক নিয়ে ‘ষড়যন্ত্র’ সহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এই জরুরি সভা ও কর্মী সমাবেশের ডাক দিয়েছিলেন।
এদিন ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে সমাবেশ শুরু হয়। মঞ্চে জি এম কাদের ছাড়াও দলের প্রথম সারির নেতা শামীম হায়দার পাটোয়ারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরাও সমাবেশে যোগ দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সংঘর্ষের কারণে সমাবেশটি শেষ করা যায়নি।

