ন্যায়ের সঙ্গে কোনো আপোস হবে না: বাংলাদেশ সেনাবাহিনী

0
109

বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেছেন, সেনাবাহিনী সব সময় বিচারের পক্ষে এবং ইনসাফের (ন্যায়ের) সঙ্গে কোনো আপোস হবে না।

শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেস আলফাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, “গুম কমিশন করা হয়েছে…আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি, এখনো করে যাচ্ছি।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সেনাবাহিনীর সাবেক ও বর্তমান সদস্যদের অভিযুক্ত হওয়ার বিষয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত সদস্যদের বিষয়ে সেনাবাহিনী আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।”

উল্লেখ্য, গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পতিত আওয়ামী লীগ আমলে সংঘটিত গুমের ঘটনায় দায়ের করা দুটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই অভিযুক্তদের মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা।

গুমের দায় সেনাবাহিনী নেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ডিজিএফআই অফিসে ২০০৭, ২০০৯, ২০১৪ এবং ২০১৫ সালে কী ঘটেছিল, সেটা আর্মি কীভাবে জানবে? আমরা কীভাবে জানবো?” তিনি প্রশ্নটি এভাবেই এড়িয়ে যান।

অবসরপ্রাপ্ত অভিযুক্তদের গ্রেফতারের প্রসঙ্গে হাকিমুজ্জামান বলেন, “তারা চাইলে আমাদের হেফাজতে আসতে পারে। অথবা পুলিশের কাছে, অথবা আদালতে যেতে পারে।”