বাড়িভাড়া ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন চলাকালে আটক হওয়া শিক্ষকদের মুক্তি দিয়েছে পুলিশ।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি নিশ্চিত করেছেন যে, রোববার (১২ অক্টোবর) রাত ৮টার পর পুলিশ তাদের ছেড়ে দেয়।
এর আগে, রোববার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জলকামানের ব্যবহার করে।
এই ঘটনার পর পুলিশ ছয়জন শিক্ষককে আটক করে। সন্ধ্যায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটক হওয়া শিক্ষকদের নাম-পরিচয়সহ তাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছিল।
পুলিশের লাঠিচার্জ ও অ্যাকশনের পর আন্দোলনরত শিক্ষকরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন। পরে কিছু শিক্ষক আবারও প্রেসক্লাব এলাকায় অবস্থান নেন, এবং আরেকটি অংশ প্রেসক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেন।
আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, প্রজ্ঞাপন ছাড়া তারা শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন না।