লালন আখড়ায় সাংবাদিকের ওপর হামলা: দুই আসামি গ্রেপ্তার

0
35

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়ায় সংবাদ সংগ্রহের সময় ঢাকা পোস্টের কুষ্টিয়া প্রতিনিধি রাজু আহমেদকে হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত দুজন হলেন: ১. কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার মো. রিন্টু (২০) ২. কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া এলাকার মো. ফাহিম

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে লালন তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মূল মঞ্চের পাশে সাংবাদিক রাজু আহমেদের ওপর অতর্কিত এই হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বুধবার রাতে তিনি কুমারখালী থানায় মামলা দায়ের করেন।

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, ঘটনার পর থেকেই পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করে। বুধবার রাতে একাধিক দল অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। তাঁদের আজ যেকোনো সময় কুমারখালী থানায় সোপর্দ করা হবে এবং এরপর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) থেকে ছেঁউড়িয়ায় লালন তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের স্মরণোৎসব শুরু হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থীর সমাগম হবে।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ অভিযোগ করেন, ঘটনার পর প্রশাসন দ্রুত পদক্ষেপ নিতে গড়িমসি করেছে। এ কারণে সাংবাদিকেরা তিরোধান দিবসের সংবাদ বয়কটের ঘোষণা দেন এবং ছেঁউড়িয়ায় সংবাদ সংগ্রহে নিরাপত্তাহীনতার কথা জানান।

অন্যদিকে, জেলা প্রশাসক ও লালন অ্যাকাডেমির আহ্বায়ক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করে বলেন, ইতোমধ্যে দুজন আসামি গ্রেপ্তার হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, ছেঁউড়িয়ায় সাংবাদিকসহ সবার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্য মোতায়েন করা হচ্ছে এবং ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।