দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত চিত্রনায়িকা পপি অভিনীত চলচ্চিত্র ‘ডাইরেক্ট অ্যাটাক’ অবশেষে মুক্তি পেল। শুক্রবার (১৭ অক্টোবর) দেশের ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে দেখা যাবে ছবিটি। এই সিনেমার কাজ শেষ করার পরই পপি নিজেকে অভিনয় থেকে দূরে সরিয়ে নেন এবং পরবর্তীতে অভিনয়ে না ফেরার ঘোষণা দেন। ফলে সিনেমাটি হতে যাচ্ছে তার অভিনীত শেষ চলচ্চিত্র।
সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মিত এই সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি ও আমিন খান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরজী ও সাগর সিদ্দিকীসহ আরও অনেকে।
পরিচালক সাদেক সিদ্দিকী জানান, “সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে আমরা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে নিরাশ হবেন না এই বিশ্বাস রাখি।”
সিনেমার মুক্তি প্রসঙ্গে নির্বাহী প্রযোজক সেলিম শাকিব জানান, “এর আগে একাধিকবার মুক্তির পরিকল্পনা করলেও নানা কারণে তা সম্ভব হয়নি। এবার সব প্রস্তুতি সম্পন্ন। আজ ১৭ অক্টোবর দেশব্যাপী ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি পেয়েছে।”
আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজনা ও পরিবেশনায় মুক্তিপ্রাপ্ত ‘ডাইরেক্ট অ্যাটাক’ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর, বগুড়া, কুষ্টিয়া, বরিশালসহ দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।