হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর সাতজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম তিমিরপুর গ্রামের বাসিন্দা আব্দুল মতলিব এবং কাদির মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে ঝামেলা চলছিল। রবিবার রাতে গরুর ঘরের নোংরা পানিপ্রবাহ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন হলেন সালাম মিয়া (৬৫), কাদির মিয়া (৬০), ফরহাদ মিয়া (২০), জব্বার মিয়া (১৮), করিম মিয়া (৬৫), হাফিজ (২৫), রীনা বেগম (৫০), রিপা বেগম (২৫), রংফুল বিবি (৬০), এম সফর আলী (৩৮), রাব্বুল মিয়া, আহমদ মিয়া (২৮), শামীম মিয়া (২৬), আব্দুল মতলিব (৭০), মাহমুদ মিয়া (২৪), আওয়াল মিয়া (৪০), আরজু মিয়া (৩৫), ফয়জুননেছা (৬০) ও আলামীন (৩৫)। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন যাদের নাম জানা যায়নি।
গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।” সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।