পিরোজপুরে অ্যানথ্রাক্স আক্রান্ত গরুর মাংস বিক্রির চেষ্টা, ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

0
53

পিরোজপুর সদর উপজেলার ভাইজোড়া এলাকায় অ্যানথ্রাক্স আক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা করার অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন এ অভিযান পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ডের রয়েল বেঙ্গল মার্কেটের মাংস বিক্রেতা মো. রাজা (৩৫), হরিনা গাজীপুর এলাকার মো. রুস্তমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাজা তার সহযোগীদের নিয়ে রাতের অন্ধকারে অ্যানথ্রাক্সে আক্রান্ত গরুটি জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যান এবং যাচাইয়ের পর গরুটি অ্যানথ্রাক্সে আক্রান্ত নিশ্চিত হয়।

পরবর্তীতে রাজাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তার উপস্থিতিতে আক্রান্ত গরুর মাংস আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা পশু চিকিৎসক ডা. ওলিউল্লাহ জানান, “গরুটি প্রসবের সময় মৃত বাচ্চা জন্ম দেয় এবং তার একটি পা পচে গিয়েছিল। পরীক্ষা করে দেখা গেছে, এটি অ্যানথ্রাক্সে আক্রান্ত ছিল, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। অসুস্থ বা মৃত পশুর মাংস বিক্রির চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অ্যানথ্রাক্স আক্রান্ত পশু জবাই বা মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। জনস্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।