প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় চালু হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা ১৬ মিনিটে উত্তরা ও মতিঝিল উভয় দিক থেকে দুটি ট্রেন একসাথে ফার্মগেট স্টেশনে পৌঁছায়, এর মধ্য দিয়ে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।
এর আগে রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বটতলার পিলার থেকে একটি বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হলে নিরাপত্তার স্বার্থে পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পরবর্তীতে বিকেল ৩টার দিকে আংশিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সেবা চালু করা হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ অংশে ট্রেন চলাচল শুরু হলেও পুরো রুটে সেবা বন্ধ ছিল।
সোমবার সকালে মেট্রোরেলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হয়েছে।
এ ঘটনায় যাত্রীদের স্বল্প সময়ের জন্য ভোগান্তি পোহাতে হওয়ায় মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন হয়েছে, এখন থেকে সম্পূর্ণ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।”