৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা

0
107

দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড টুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০২৫ আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে। রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলার আয়োজন করছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

মঙ্গলবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে টোয়াবের পরিচালক (বাণিজ্য ও মেলা) তাসলিম আমিন শোভন এ তথ্য জানান। তিনি জানান, এবারের মেলায় ১২টি দেশ অংশ নিচ্ছে; যার মধ্যে রয়েছে পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, চীন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি পর্যটন সংস্থা এবং ট্যুর অপারেটররা।

মেলার টাইটেল স্পনসর হিসেবে থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, আর পেমেন্ট পার্টনার হিসেবে থাকবে বিকাশ। এছাড়া সার্বিক সহযোগিতা দিচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ টুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং টুরিস্ট পুলিশ।

তাসলিম আমিন শোভন বলেন, এবারের আয়োজন আগের চেয়ে আরও জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয় হবে। দেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে এই মেলা দেশি-বিদেশি অংশগ্রহণকারীদের সংযোগের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বিটিটিএফ-২০২৫-এ চারটি হলে ২০টি প্যাভিলিয়ন ও ২২০টি স্টল থাকবে। দর্শনার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় র‍্যাফেল ড্র, যেখানে অংশ নিতে বিটিটিএফ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা, তবে ছাত্রছাত্রী, মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ নাগরিকদের জন্য প্রবেশ ফ্রি।

মেলায় আরও থাকবে বি-টু-বি সেশন, সেমিনার, কান্ট্রি প্রেজেন্টেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশের পর্যটন গন্তব্যভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকে নিয়মিতভাবে আয়োজিত বিটিটিএফ এখন বাংলাদেশের পর্যটন শিল্পের সবচেয়ে বড় আন্তর্জাতিক মেলায় পরিণত হয়েছে, যা পর্যটন খাতে ব্যবসায়িক সংযোগ ও সাধারণ মানুষের ভ্রমণ আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার, রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ হামিদ, টোয়াবের প্রথম সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মো. আনোয়ার হোসেন এবং সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশী।