জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালাচ্ছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের চরভাটিয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নুরুল ইসলামের মেয়ে ছায়েবা আক্তার (১২), মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানি এলাকার আবু হোসেন (৭) এবং একই এলাকার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (৮)।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, শুক্রবার বিকেলে ছয় শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় ইয়াসিন (৭) নামের এক শিশু তীরে উঠে এলেও বাকি পাঁচজন ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং উদ্ধার অভিযান শুরু হয়।
তিনি আরও বলেন, “তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর দুইজন এখনো নিখোঁজ। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে কাজ করছে।”