নভেম্বরের ২৯ দিনেই এলো ২৬৮ কোটি ডলার রেমিট্যান্স

0
33

চলতি নভেম্বর মাসের প্রথম ২৯ দিনেই দেশে ২৬৮ কোটি ১১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ৩২ হাজার কোটি টাকা। এই হিসাবে চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ২৫ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের ১ থেকে ২৯ তারিখ পর্যন্ত দেশে আসা মোট ২৬৮ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলারের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৭ কোটি ৯০ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ লাখ ৫০ হাজার ডলার।

প্রতিবেদনে সপ্তাহের ধরণ অনুযায়ী রেমিট্যান্স প্রবাহের চিত্রও তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৪ কোটি ৬১ লাখ ৪০ হাজার ডলার। এর আগে ১৬ থেকে ২২ নভেম্বর পর্যন্ত এসেছে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার, ৯ থেকে ১৫ নভেম্বর এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার এবং ২ থেকে ৮ নভেম্বর এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া মাসের প্রথম দিন (১ নভেম্বর) প্রবাসীরা পাঠিয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।

এর আগে গত অক্টোবর মাসে দেশে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসাবে অক্টোবরের তুলনায় নভেম্বরে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য, গত অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।