প্রবাসী ভোটার নিবন্ধন ১ লাখ ৯৩ হাজার ছাড়াল, সময় বাড়ল ২৫ ডিসেম্বর পর্যন্ত

0
38

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত ইসির প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এই তথ্য জানা গেছে।

নিবন্ধিত এই ১,৯৩,৮৭৪ জন ভোটারের মধ্যে পুরুষের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন এবং নারীর সংখ্যা ১৮ হাজার ৯৬৫ জন।

দেশের বাইরে নিবন্ধনকারী প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে (৩৮ হাজার ২৬৯ জন)। এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র (১৯ হাজার ২৭১ জন)।

পোস্টাল ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমদ খান এই তথ্যগুলো নিশ্চিত করেছেন।

প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এর আগে সময়সীমা ১৮ ডিসেম্বর পর্যন্ত ছিল। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এখন বিশ্বের যেকোনো জায়গা থেকেই অ্যাপ ডাউনলোড করে ভোটার নিবন্ধন করা যাবে।

ইসি থেকে পাঠানো এক জরুরি বার্তায় প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের সময় তাদের অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইসির সতর্কবার্তায় বলা হয়েছে, সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা প্রদান ব্যতিরেকে পোস্টাল ব্যালট পেপার ভোটারদের নিকট পাঠানো সম্ভব হবে না। ভুল ঠিকানা দেওয়া হলে ৬ ডিসেম্বরের মধ্যে মোবাইল অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করে তা সংশোধনের জন্য অনুরোধ করা হয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ আরও জানান, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্য দেশের অভ্যন্তরেও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হবে। আইসিপিভি-এর জন্য তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিনের মেয়াদে নিবন্ধন প্রক্রিয়া চালু করা হবে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার বিশ্বের ১৪৮টি নির্দিষ্ট দেশের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। এই পদ্ধতিতে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যে দেশ থেকে ভোট দেবেন, সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।