নারায়ণগঞ্জ নগরীর নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীর কর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৫টার দিকে লাগা আগুনে মার্কেটের প্রায় ৩০টি হোসিয়ারি ও বডি নিটিং এর দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কর্মীদের এক ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও ফায়ার সার্ভিস ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুনে মার্কেটের প্রায় ৩০টি মিনি কারখানা ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির মোট পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আগুন লাগার স্থানটিতে যাতায়াতের সড়কটি প্রসস্থ না হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। এছাড়া পানিরও সংকট ছিল। ফলে আগুন নেভাতে কর্মীদের কিছুটা বেগ পেতে হয়েছে।