ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা

0
61

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানান, গুলি চালানোর সময় মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে তদন্তকাজ শুরু করেছে এবং এই বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “হাদির মতো আমাদের জীবনেরও শঙ্কা রয়েছে, আমাদেরকেও মেরে ফেলা হতে পারে, তবে আমরা জীবন দিয়ে লড়াই করে যেতে চাই।”

অন্যদিকে, গুলিবিদ্ধ অবস্থায় শরিফ ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে চিকিৎসকরা তাকে চিকিৎসা প্রদান করছেন।

এদিকে, এই হামলার ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক নেতারা সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন এবং দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি করেছেন।