ঢাকা-৮ আসনের (মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর, রমনা) স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় জড়িতদের আটক করতে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি কমিশনার বলেন, “শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ওসমান হাদীর ওপর গুলি চালানো সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। তারা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।”
তিনি জানান, অভিযানে পুলিশ ছাড়াও গোয়েন্দা সংস্থা ও র্যাব যৌথভাবে কাজ করছে।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা হাদির ওপর গুলি চালায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়; পরে অবস্থা আরও খারাপ হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানান, শরিফ ওসমান হাদির মাথায় গুলি লেগেছে এবং তিনি বর্তমানে কোমায় আছেন। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
এদিকে, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, বিএনপি মহাসচিব ও জামায়াতের আমির। তারা এই হামলাকে ন্যক্কারজনক বলে অভিহিত করেন এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান।